বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর সড়কের। জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত বিস্তৃত সড়কটির পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগ ও তৎপরতায় এ বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
উপজেলার প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দের। বিশেষ করে গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সড়কটির দুই পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠান। ফলে প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শ্রমিক, কাঁচামাল ও পণ্য পরিবহনে নিয়োজিত ভারী যানবাহন, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটির বেহাল অবস্থার কারণে শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ও পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছিল।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শুরুতে নিজস্ব অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তৎপরতা চালান। এরই ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়।
মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।
স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া জানান, এ প্রাচীন সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির মূল সংস্কারকাজ শুরু হতে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি পূরণ এবং দুর্ভোগ লাঘবে আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজের পাশাপাশি মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।