সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বাহুবলে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন, ১০৩ বিদ্যালয়ে খাবার বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে খাবার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, সৈয়দ ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিড-ডে মিল কর্মসূচির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ট্রেডার্সের আওতাধীন মেসার্স হক ট্রেডার্সের মালিক মোঃ আমিনুল হক জানান, “আজ থেকে আমরা বাহুবল উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত মিড-ডে মিল সরবরাহ করবো। প্রতিদিন শিক্ষার্থীদের জন্য ডিম, কলা ও রুটি পরিবেশন করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। মিড-ডে মিল কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হোক।”
তিনি আরও বলেন, “খাবারের মান বজায় রাখা ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

এ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি পূরণ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com