শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বাহুবলে প্রতিপক্ষের হামলায় খামারি নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রতিপক্ষের হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক খামারি নিহত হয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) উপজেলার হরহরিয়া গ্রামে নিজ মুরগির খামারে অবস্থানকালে তাঁর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

নিহত সায়েদ মিয়া বাহুবল উপজেলার চারগাঁও (ভৈরবীকোনা) গ্রামের মৃত আজমত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সায়েদ মিয়া হরহরিয়া গ্রামের নিজ মুরগির খামারে অবস্থান করছিলেন। এ সময় লালটিলা এলাকার সুতিন গ্রামের ‘মকবুল গ্রুপ’-এর সদস্যরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সায়েদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, “এইমাত্র ঘটনাটি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে গিয়ে বিস্তারিত জানানো যাবে।”

ঘটনার কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com