বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি করাতকল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় সংরক্ষিত বনাঞ্চলের কাঠসহ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।

বন বিভাগ সূত্রে জানা যায়, চুনারুঘাট একটি পাহাড়ি ও বনসমৃদ্ধ এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধভাবে করাতকল গড়ে উঠেছে। এসব করাতকলের মাধ্যমে বনাঞ্চলের কাঠ অবৈধভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাতের অভিযোগ রয়েছে। অবৈধ করাতকল বন্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বন বিভাগ।

সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘লাইসেন্সবিহীন সাতটি করাতকল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com