মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: সুস্থ জীবনযাপন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরি, অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার ও গর্ভবতী মায়েদের সেবাদান কেন্দ্র (এএনসি) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মোজাম্মেল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ল্যাবরেটরি পরিদর্শন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন। পরে এনসিডি কর্নারে রোগীদের জন্য সংরক্ষিত ও সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা, ব্যবস্থাপনা এবং সেবার মান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা, ওষুধের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধি এনসিডি কর্নারে ব্যবহৃত সিম্পল বিডি (Simple BD) অ্যাপের কার্যক্রম, ব্যবহারবিধি এবং এর মাধ্যমে রোগীদের তথ্য সংরক্ষণ ও সেবা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের অবহিত করেন।
এ সময় সিভিল সার্জন নিজেই রক্তচাপ পরিমাপ করেন এবং উপস্থিত অন্যদেরও নিয়মিত রক্তচাপ মাপার জন্য উৎসাহিত করেন। তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
পরে তিনি এএনসি কর্নারে গর্ভবতী মায়েদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট (এমএমএস) বিতরণসহ চলমান সেবামূলক কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া গত মাসে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রমে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।