বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে ৫৫ বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আওতায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি পূজামণ্ডপকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় দিবা-রাত্রি নিরবচ্ছিন্ন টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিমের কার্যক্রম এবং গোয়েন্দা তথ্যভিত্তিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান পূজামণ্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অধিনায়ক বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব যেন সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

এদিকে, পূজা উদযাপন কমিটি ও সর্বসাধারণকে সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ কিংবা গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ৫৫ বিজিবি। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতেও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com