রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

তরফ নিউজ ডেস্ক: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোরে পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

তিনি বলেন, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২টি মরদেহ রাখা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হাসপাতালে ভর্তি আহত যাত্রী ওমর ফারুক বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি।

পরে দেখি বাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
এ ঘটনায় পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিট থেকে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম মেইল কুমিল্লা স্টেশন ছেড়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com