মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামে মাত্র ৫ টাকার চায়ের বিল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট তর্ক-বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর মানিকাবাজার ও হরাইটেকা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকাবাজারে মাসুক মিয়ার চায়ের দোকানে হরাইটেকা এলাকার আব্দুল শহিদ চা পান করেন। পরে চায়ের বিল পরিশোধের সময় ৫ টাকা দেওয়াকে কেন্দ্র করে দোকানদার মাসুক মিয়ার সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে শালিসের উদ্যোগ নেওয়া হয়। তবে আগামীকাল শালিসের তারিখ নির্ধারিত থাকলেও বিরোধ মীমাংসা না হওয়ায় সোমবার সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন মানিকাবাজার এলাকায় জড়ো হন। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।