বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর ফুটবল মাঠে খেলার সময়সূচি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষের সময় মিরপুর বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। একই সঙ্গে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও স্থানীয়রা।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার বানিয়াগাঁও গ্রামের আব্দাল মেম্বারের ছেলে রিয়াদ মিয়া মিরপুর এলাকায় একটি ইনডোর ফুটবল মাঠ উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেখানে খেলার সময়সূচি নিয়ে পশ্চিম জয়পুর গ্রামের হাজী খুরশেদ আলীর ছেলে উজ্জ্বলের দলের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উজ্জ্বলের দলকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত খেলার সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর দলটি মাঠে পৌঁছালে তখন অন্য একটি দল খেলছিল। পরে রিয়াদ মিয়া উজ্জ্বলের দলকে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত খেলার সুযোগ দেওয়ার কথা জানান। এতে রাজি না হয়ে উজ্জ্বলের দল মাঠ থেকে চলে যায়।
এ ঘটনার জেরে বুধবার দুপুরে মিরপুর এলাকায় রিয়াদ মিয়ার ভাই মুরাদ মিয়াকে একটি গাড়ি দিয়ে মোটরসাইকেলসহ চাপা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে রিয়াদ মিয়া ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে মারধর করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এরপর সন্ধ্যার পর বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে মিরপুর বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি শালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com