বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মোতাল্লিব রুবেল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাহুবল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
হাফেজ মাওলানা আব্দুল মোতাল্লিব রুবেল মিরপুর ইউনিয়নের বশিনা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর বাজারে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ব্যবসার সুবাদে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রুবেল বলেন, মিরপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।”
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, সামাজিক নিরাপত্তা ও তরুণ প্রজন্মের উন্নয়নসহ সব ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে।
নির্বাচিত হলে মিরপুর ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে প্রয়োজনীয় রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক-শ্রমিক-ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ এবং তরুণদের খেলাধুলা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
এ ছাড়া নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সহযোগিতা, ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
রুবেল বলেন, “আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে নয়, মিরপুর ইউনিয়নের মানুষের পক্ষে নির্বাচনে অংশ নিতে চাই। চেয়ারম্যান একজন ব্যক্তির নয়—তিনি পুরো ইউনিয়নের জনগণের প্রতিনিধি।”
তিনি আরও বলেন, প্রতিশ্রুতির ফুলঝুরি না ছড়িয়ে সততা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি জনগণের কাছে যেতে চান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি তার প্রার্থিতা ও বক্তব্য বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধাশীল থাকবেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মিরপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হাফেজ মাওলানা আব্দুল মোতাল্লিব রুবেল।