বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল বাজারে জেলা পরিষদের একটি পুকুর অবৈধভাবে দখলের দায়ে মাসুক মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মাসুক মিয়া উপজেলার পূর্ব জারিয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী তাঁকে এ দণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল বাজারে জেলা পরিষদের পুকুরের আশপাশে আরও কয়েকটি স্থাপনা রয়েছে। এসব স্থাপনা সরকারি সম্পত্তি দখল করে নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নেই। সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বাহুবল বাজারের জেলা পরিষদের পুকুরের আশপাশে থাকা অন্যান্য স্থাপনার বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”