রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বাহুবল সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় দৌলতপুর সেতুর প্রায় ১০০ গজ সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একটি পিকআপে থাকা দুর্বৃত্তরা কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক মিন্টু মিয়ার হাত-মুখ বেঁধে মালামালসহ কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ সময় চালককে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় তারা।
ছিনতাই হওয়া মালামালের মধ্যে গ্যাস ফিল্ডে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, বিয়ারিং, ফিল্টার, ফ্যান শ্যাফট, আই বোল্ট, স্টেইনলেস স্টিলের ফিটিংসসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। এজাহারে এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা হওয়ার পর হবিগঞ্জের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালায় পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আসাদ আহমদ (৩৮), সজল মিয়া (৩২), বিপ্লব মিয়া (৩০) ও জাহেদা খাতুন (২৫)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মালামালসহ ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।