শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : দীর্ঘ ১৩ বছর পর হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচনে ১২টি পদের বিপরীতে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বর্তমানে ১০টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিন বছর মেয়াদি কমিটি গঠনের লক্ষ্যে দীর্ঘ ১৩ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী প্রচারণায় কোনো পোস্টার বা প্রতীক ব্যবহার করা হয়নি। প্রার্থীরা সরাসরি শিক্ষক ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছেন। প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় প্রহর গুনছেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার রণধীর চক্রবর্তী বলেন, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি প্রতি তিন বছর পরপর গঠনের কথা থাকলেও বিভিন্ন সাংগঠনিক জটিলতার কারণে দীর্ঘ ১৩ বছর পর এবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ১০টি পদে ২৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ রয়েছে এবং কোনো প্রার্থী একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেননি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, শিক্ষকরা নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাহুবল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৪৭ জন।
ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার।

ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক পদে  মুড়াগাঁও সরিকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিব্বির আহমেদ আখঞ্জী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ফয়জাবাদ মহাবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুদ্দিন মোঃ আসআদ।
দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com