রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
জামাল হোসেন লিটন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফে বিশ্ব সূফী সংস্থার উদ্যোগে সূফী সঙ্গ, আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা আংশিক পর্ষদ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মুড়ারবন্দস্থ তরফ রাজ্যের সেনাপতি হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের মোতাওয়াল্লি ও গদীনশিন পীরজাদা আলহাজ সৈয়দ শফিক আহমেদ চিশতী সফির সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাজার ও দরবার শরিফের সুফি, পীর-দরবেশ, খাদেম, আশেকান-ভক্তবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ্ব সূফী সংস্থার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব সূফী সংস্থার কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য আফতাফ জিলানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের দাউদনগর মধ্য হাবেলী সাহেববাড়ির সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জের রিচি সাহেববাড়ির বাসিন্দা ও রিচি দরবার শরিফের মোতাওয়াল্লি গদীনশিন পীরজাদা আলহাজ সৈয়দ শামসুদ্দিন, পীরে তরিকত শাহ নেওয়াজ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল হোসেন লিটন, বর্তমান সহসভাপতি ইসমাইল হোসেন বাচ্চু ও সাংবাদিক ফজল তরফদারসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে আফতাফ জিলানী বলেন, ইসলাম শান্তি, মানবতা ও সহমর্মিতার ধর্ম। সুফিবাদ মানুষের আত্মশুদ্ধি ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও নৈতিক অবক্ষয় দূর করতে সুফি দর্শনের শিক্ষা ও আদর্শ আরও ব্যাপকভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে আধ্যাত্মিক জীবন গঠন, মানবকল্যাণে আত্মনিয়োগ এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমন্ত্রিত বক্তারা বলেন, প্রকৃত সুফিবাদ কখনো সমাজে বিভেদ সৃষ্টি করে না। বরং ভালোবাসা, সম্প্রীতি, সহনশীলতা ও মানবসেবার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়।
আলোচনা সভা শেষে বিশ্ব সূফী সংস্থার হবিগঞ্জ জেলা আংশিক পর্ষদ কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল ইসলাম ফটিককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, লিটন শাহ ফকির ও আনোয়ার হোসেন মহনসহ অন্যদের অন্তর্ভুক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, আধ্যাত্মিক চর্চার বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের খাদেম ও গদীনশিন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী।