শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চণ্ডিছড়া চা-বাগানের বাসিন্দা সানি রাওতিয়া (২৪), পরশ মুন্ডা (২৮), জয় তাঁতী (২২) ও সঞ্জিত র্যালি (২৪)।
সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিছড়া চা-বাগান এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়।
পরে তাঁদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের এবং জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।