বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দোকানগুলো সরিয়ে দেওয়ায় মেলার প্রস্তুতি পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়। এরপরও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।

অনুমতি ছাড়াই মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১২ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযান চালিয়ে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সময় আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com