শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়েছে। এসব অভিযানে উজ্জল বাড়াই (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালায় চিমটিবিল বিওপির টহলদল। এ সময় উজ্জল বাড়াইকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

আটক উজ্জল বাড়াই আমু চা-বাগানের পুরান লাইনের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বালক বাড়াই।
এদিকে, একই দিন দুপুর ১২টার দিকে সাতছড়ি বিওপির টহলদল সুন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

পরে সন্ধ্যা ৬টার দিকে গাঢ়োটিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com