মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

সোমবার (১৯ অক্টোবর) তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে উপজেলার বাসুদেব বাড়িসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, দুর্গোৎসব যাতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য সরকার ছুটি বাড়িয়েছে। স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, যেন আমরা সবার পাশে থেকে কাজ করি। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে আমরা আন্তরিক।”

তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সদস্যসচিব ও কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া ও সৈয়দ আবু নাইম হালিম, নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com