মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কালার অব নেচার’ সিজন-৪ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় চুনারুঘাট শহীদ মিনারে প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরপদার আবিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সমাজকর্মী আব্দুল জলিল ও আব্দুর রহমান, নাট্যনির্দেশক সাইফুল জার্নাল, সমাজসেবক নাসির উদ্দীন ও সৈয়দ মাসুক আহমেদ।
চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির (সিপিএস) সাধারণ সম্পাদক আল মোছাফ্ফা নিপু, সহসভাপতি রুবেল তালুকদার, রেজুয়ানা ইসলাম উপমা, আদেল চৌধুরী আদিব, সাকিব আহমেদ, মাহবুব হাসান নিবিড়, ফারদিন শেখ তিহাম ও আয়মান চৌধুরী আলভিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহসভাপতি ডা. এস.এস. আল আমিন সুমন, সৈয়দ আবু সালেহ শামীম, নারায়ণ শর্মা, মিহির চৌধুরী, রেজাউল হক মিন্টু, মনিরুল ইসলাম জুয়েল এবং ফটোগ্রাফার সাহেদ ও রাকিব।
বিকেল ৫টায় বন্যপ্রাণী আলোকচিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে সোসাইটির সদস্যদের তোলা মোট ৫৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের নানা দিক ফুটে ওঠায় দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রদর্শনীর উদ্বোধক সাংবাদিক সালেহ উদ্দীন বলেন, “এ আয়োজন চুনারুঘাটে তারুণ্যের জাগরণ সৃষ্টি করেছে। প্রদর্শনীর ছবিগুলো প্রকৃতি ও মানবপ্রকৃতির প্রকাশ ঘটিয়েছে। ছবিগুলো মানুষের সুপ্ত অনুভূতিকে বিকশিত করে, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়ায় এবং স্মৃতির ক্যানভাস তৈরি করে।”
আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য তুলে ধরা এবং তরুণদের সৃজনশীল চর্চায় উৎসাহিত করার প্রত্যয়ে এ আয়োজন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।