সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল

 চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: সরকারি উন্নয়ন বরাদ্দের মাধ্যমে এগিয়ে যাচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। উপজেলার প্রতিটি ইউনিয়নে পাঁচটি করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ১ কোটি ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া টিআর, কাবিখা, কাবিটা, গম ও চালের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ব্লক রাস্তা নির্মাণের জন্য নগদ ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার নোয়াপাড়ায় সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত উন্নয়ন কমিটির সভায় প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। এতে তাঁর জ্যেষ্ঠ ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদসহ চুনারুঘাট উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় নেতারা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা, সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

সভায় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি। বিএনপি সরকার গঠনের পর চুনারুঘাট ও মাধবপুরের উন্নয়নে একাধিকবার জাতীয় সংসদে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সাত মাস ধরে সরকার দেশ গঠনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সরকারের পক্ষ থেকে পাওয়া বরাদ্দ জনকল্যাণে ব্যয় করা হচ্ছে। উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হচ্ছে না। এলাকার মানুষের প্রয়োজন ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সভায় চুনারুঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন উন্নয়ন চাহিদা, বিদ্যমান সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com