মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযানে ৩৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ বিষ্ণু চন্দ্র কর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চুনারুঘাট থেকে আসা একটি ইজিবাইক থামানোর চেষ্টা করলে এসআরবি-৯-এর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকের যাত্রীর আসনের নিচে রাখা একটি সাদা রঙের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্যও তিনি দিয়েছেন বলে জানায় এসআরবি-৯।

আটক বিষ্ণু চন্দ্র কর চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত উপেন্দ্র করের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অপরাধসংক্রান্ত সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তারা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com