শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে হবিগঞ্জের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের তিন শিক্ষার্থীর দল।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে জেনারেল সায়েন্স অলিম্পিয়াড আয়োজিত আটলান্টিয়া আন্তর্জাতিক বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে দলটি স্বর্ণপদক অর্জন করেছে।

এই গৌরবময় অর্জনের মধ্য দিয়ে দলটি তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। সেখানে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা।
স্বর্ণপদকজয়ী দলের নাম ‘টিম ডেমন-৭১’। দলের সদস্যরা হলেন—তারেক আহমেদ তানবীর, তারিকুর রহমান ও সৈয়দ মেহেদী হাসান। দলটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন মিনজাব সাহাম।
দলটির সদস্যরা এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে জানান, তাঁদের এ পথচলায় যাঁরা দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন, তাঁদের সবার প্রতি তাঁরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আন্তর্জাতিক পর্বে ভালো ফলাফল অর্জনের জন্য তাঁরা সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
শিক্ষার্থীদের এ সাফল্যে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার এ অর্জন কলেজের জন্যও গৌরবের।
স্বর্ণপদক জয়ের এ সাফল্যকে সামনে রেখে এখন টিম ডেমন-৭১-এর পরবর্তী লক্ষ্য তুরস্কের আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ এবং দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনা।