শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার গুহারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে গুহারুয়া গ্রামে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এতে অন্তত সাতটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টিন ও নগদ অর্থ সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com