মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে নির্বাচনী এলাকায় ফিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উদ্দেশে এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে তিনি এলাকায় ফিরে এসেছেন। দলের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শান্তিপ্রিয় এ দুই উপজেলায় কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে না। সবাই যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে, একই দিন দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের সভাকক্ষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন এমপি ফয়সল। সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা দেওয়া হয়।
সহায়তা পাওয়া রোগীদের মধ্যে রয়েছেন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত ব্যক্তিরা।
চেক বিতরণকালে এমপি ফয়সল বলেন, অসুস্থতা একটি পরিবারের জন্য বড় ধরনের আর্থিক ও মানসিক সংকট। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার আন্তরিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।