শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মানিক মিয়া স্থানীয় বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক পিকআপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।