সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসাছাত্রীর সন্ধান মেলেনি। আদরের মেয়েকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে পরিবার। দীর্ঘদিনেও তার কোনো খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা।
নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোঁয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের পর থেকে প্রায় দুই মাস অতিবাহিত হলেও মীমের কোনো সন্ধান না মেলায় পরিবারে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে। ১০ বছর বয়সী শিশুটি কোথায় আছে, কীভাবে নিখোঁজ হলো—এখনো এসব প্রশ্নের উত্তর অজানা।
পরিবারের সদস্যদের আকুতি, “মীম জীবিত না হোক, অন্তত তার মরদেহটুকু যদি খুঁজে পেতাম! তাহলে মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম। মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে—তা না জানার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না।”
এদিকে নিখোঁজ মীমের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, নিখোঁজ মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।