সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাকিল মিয়া (২৮) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৬ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাকিল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিল মিয়া বাহুবল উপজেলার বাহুবল গ্রামের বাসিন্দা। তিনি বাহুবল বাজারে ফলের ব্যবসা করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিলেটে নেওয়ার পর শাকিল মিয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”