বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় একটি বাঁশঝাড়ের মধ্যে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল্লাহ মিয়া। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটির নম্বর হবিগঞ্জ-থ-১১-৪৩৪০।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। মঙ্গলবারও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজীরমোকাম এলাকার একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি তুহিন মিয়ার বলে শনাক্ত করেন। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, সিএনজি অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তুহিনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসাইন জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় ৪৮ ঘণ্টা আগে লাশটি সেখানে ফেলে রাখা হতে পারে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com