সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে জননী এন্টারপ্রাইজ নামের এলপিজি ডিলার প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট চলাকালে প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে বেশি এলপিজি মজুদের অসামঞ্জস্য পাওয়া যায়।
তবে প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওই ডিলারের কাছে এলপিজি বিক্রি করেছে।
পরে মোবাইল কোর্টে বিষয়টি আমলে নিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার ও উপজেলার মাঝিশাইল গ্রামের আব্দুল লতিফকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়ন, অনুমোদিত এলপিজি মজুদের সীমা বৃদ্ধি, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অধিক দামে এলপিজি বিক্রি ও অনুমোদনহীনভাবে মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।