বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সুজন (পিতা: উমরাজ) নামের এক ব্যক্তিকে সিলিকা বালুভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়। এ সময় তিনি পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন বলে জানান।
কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া সিলিকা বালু উত্তোলনের অপরাধ স্বীকার করে তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।