শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রত্যাশিত নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার আমু ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-৭৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের অধীনে গঠিত ‘বাচাশ্রই নির্বাচন কমিশন-২০২৬’ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর দেশের ২৩১টি চা বাগান ও পঞ্চায়েত এলাকায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে দেশের চা বাগানগুলোতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।