সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ভাষানটেক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সায়েদুল হক এবং সাংবাদিক নূরুল হক কবিরের মা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন (৬৫) আর নেই। শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হবিগঞ্জের আদর্শ শিক্ষক প্রয়াত আলহাজ মো. জবরু মিয়ার সহধর্মিণী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে আফিয়া আক্তার ও আয়েশা আক্তার এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তাঁর স্বামী মো. জবরু মিয়া ২০২৪ সালের ৭ জুলাই ইন্তেকাল করেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার বড় ছেলে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও নাতি হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সফিকুর রহমান সেতু। সরকারদলীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ সংসদ অধিবেশনে অংশ নিতে ঢাকায় থাকায় মোবাইল ফোনে সবার কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেন।
বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, তাঁদের বাবা মো. জবরু মিয়া নানা কারণে যেসব শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়ত, তাঁদের সন্তানের মতো আগলে রেখে শিক্ষাদান করতেন। স্বামীর পাশে থেকে তাঁকে সহযোগিতা ও সাহস জুগিয়েছেন মা রাবেয়া খাতুন। আমৃত্যু তিনি স্বামীর ছাত্রছাত্রীদের পাশে ছিলেন। এ ছাড়া এলাকার কোনো অসহায় প্রসূতি নারী বিপদে পড়লে অসুস্থ শরীর নিয়েও ছুটে যেতেন তিনি।
দৈনিক যায়যায়দিন ও দৈনিক খোয়াইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. নূরুল হক কবিরের সহকর্মী সাংবাদিক মো. জাকারিয়া চৌধুরী মরহুমাকে স্মরণ করে বলেন, “খালাম্মার মতো আন্তরিক মানুষ পাওয়া এই যুগে দুঃসাধ্য। কখনো বাসায় গেলে খালি হাতে ফেরত দিতেন না। কোনো না কোনো কিছু বাসার জন্য হাতে তুলে দিতেন।” তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ জহিরুল হক শাকীল ও নূরুল হক কবির খোয়াই পরিবারের অন্যতম সদস্য। তাঁদের বাবা মো. জবরু মিয়া ছিলেন একজন আদর্শ মানুষ। একইভাবে তাঁদের মা রাবেয়া খাতুনও ছিলেন পরোপকারী ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তাঁর মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন, সে জন্য তিনি মহান আল্লাহর কাছে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।