বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচংয়ে আল-জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল (সা.) সায়্যিদ আশহাদ রশিদী (হাফি.)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
মহাসম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মজলিশে শুরা কমিটির সভাপতি মুফতি অলিউর রহমান আরশাদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ লুৎফুর রহমান, মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় মহাসম্মেলন সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সর্বস্তরের পেশাজীবী ও উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।