বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান

আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): দীর্ঘ আট বছর পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা শ্রমিকদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অধিকার আদায়ের প্রত্যাশা নিয়ে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছেন চা শ্রমিকরা।

ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালের নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর এবার নির্বাচনের আয়োজন করা হয়েছে। দেশের সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে একই দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি বাগানের ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃত্ব নির্বাচন করবেন শ্রমিকরা।

নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকলেও শ্রমিকদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা এবং দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ার ক্ষোভ। মজুরি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তাসহ নানা বিষয়ে তাদের অভিযোগ রয়েছে।

চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার জানান, বাগান মালিকপক্ষ ও কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের মধ্যে সম্পাদিত চুক্তিতে প্রতিটি সেকশনে শৌচাগার ও স্যানিটেশন ব্যবস্থা এবং বৃষ্টির সময় শ্রমিকদের জন্য টিনশেডের আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা থাকলেও অনেক বাগানে এসব সুবিধা বাস্তবায়ন হয়নি। নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টিও উপেক্ষিত রয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হলে এসব দাবি আদায়ে শ্রমিকদের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিয়েও রয়েছে নানা সীমাবদ্ধতা। অনেক বাগানে প্রাথমিক বিদ্যালয়ের অভাব রয়েছে। যেসব বিদ্যালয় আছে, সেগুলোর অবকাঠামো ও শিক্ষার মান নিয়েও অভিযোগ রয়েছে। ফলে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয় শ্রমিক পরিবারগুলোকে।

চান্দপুর চা বাগানের শ্রমিক পুতুল ভূমিজ বলেন, দৈনিক ১৯৬ টাকা মজুরিতে সংসার চালানোই কঠিন। সেখানে সন্তানদের উচ্চশিক্ষার খরচ বহন করা আরও কঠিন হয়ে পড়ে। অনেক পরিবার গবাদিপশু পালন, হাঁস-মুরগি লালন-পালন কিংবা সামান্য জমিতে চাষাবাদ করে সন্তানদের পড়াশোনার খরচ জোগানোর চেষ্টা করে।

নির্বাচনী মাঠ ঘুরে দেখা গেছে, প্রার্থীরা চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। মজুরি বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণ, বাসস্থান এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনের আগে দেওয়া এসব প্রতিশ্রুতি যেন নির্বাচনের পরও বাস্তবায়নের উদ্যোগে রূপ নেয়।

চুনারুঘাট উপজেলায় রয়েছে ২২টি চা বাগান। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সীমান্তবর্তী কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

এদিকে শ্রমিকদের সুযোগ-সুবিধা প্রদানে ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। চণ্ডী চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারেন, সে লক্ষ্যে ভোটার তালিকা প্রস্তুত, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে বাগান কর্তৃপক্ষ।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। তবে শ্রমিকদের কাছে নির্বাচন শুধু নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আয়োজন নয়, বরং দীর্ঘদিনের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের একটি নতুন সুযোগ। তাদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com