বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাধবপুরের মনতলা বাজার থেকে সিএনজিযোগে চুনারুঘাটের হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজারে যাওয়ার পথে সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে এবং মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।
চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।