রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেখা মিলেছে উজ্জ্বল হলুদ ও কালো রঙের দৃষ্টিনন্দন কুটুম পাখির। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়জুষ (আঠারো বাঘিয়া) গ্রামে পাখিটি দেখতে পান স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম জাকি ও গ্রামবাসী। পরে বিকেলে পাখিটি উদ্ধার করে চা-বাগান এলাকায় অবমুক্ত করা হয়।
কুটুম পাখির পরিচিতি
কুটুম পাখি লোকমুখে ইষ্টিকুটুম, হলদে পাখি বা কালোমাথা বেনেবউ নামেও পরিচিত। উজ্জ্বল সোনালি-হলুদ দেহ, কালো মাথা ও ডানার অংশ এবং লালচে চোখের কারণে পাখিটি সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আকারে এটি অনেকটা শালিকের মতো।
স্বভাব ও খাদ্যাভ্যাস
কুটুম পাখি সাধারণত গাছের ঘন পাতার আড়ালে থাকতে পছন্দ করে। আমবাগান, বাঁশঝাড় ও বনাঞ্চলে এদের দেখা মেলে। সাধারণত একা বা জোড়ায় বিচরণ করে। বিভিন্ন ফল, ফুলের মধু ও ছোট ছোট কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য।
লোকবিশ্বাসে ইষ্টিকুটুম
গ্রামবাংলার লোকবিশ্বাসে প্রচলিত আছে, বাড়ির আশপাশে কুটুম পাখি ডাকলে বাড়িতে অতিথি বা আত্মীয়স্বজন আসেন। এ লোকবিশ্বাস থেকেই পাখিটির নাম হয়েছে ‘ইষ্টিকুটুম’। পাখিটির সুরেলা ডাকও প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বন্য পাখির প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের নিরাপদ আবাসস্থল রক্ষা করা এবং অকারণে বিরক্ত না করা সবার দায়িত্ব। চুনারুঘাটে পাখিটির দেখা মেলায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।