বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে বাংলা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে লাঠি দিয়ে মারধরের দায়ে প্রীতম সরকার (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রাজারবাজারের দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রীতম সরকার ওই এলাকার রুকমিনী সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সরকার দীর্ঘদিন ধরে বাংলা মদসহ বিভিন্ন মাদকে আসক্ত। বৃহস্পতিবার বিকেলে বাংলা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে তিনি অকারণে তার মাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তার মা গুরুতর আহত হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি প্রশাসনকে জানান।
খবর পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রীতম সরকারকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রীতম সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থে ও মাদক নিয়ন্ত্রণে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।