বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। কোনো রাজনৈতিক পরাজিত অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। যারা নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, জনগণ তাদের বয়কট করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শত বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাত্র আট মাসে দেশে অনেক যুগান্তকারী কাজ হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এমপি ফয়সল আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দলের যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা যাতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, সেদিকে সবাইকে গুরুত্ব দিতে হবে। জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সমস্যা ও চাহিদা অনুযায়ী কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।