বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়বর্তী এলাকা থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমতি ছাড়া মাটি কাটার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী উপজেলার বনগাঁও গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুর রহমান রাতুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।