বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহা রাসলীলা উৎসব। ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের মধ্যে বিরাজ করে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শুরু হয় ৮৪তম ঐতিহ্যবাহী রাসনৃত্য। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলে রাতভর এ আয়োজন। মণিপুরী শিশু ও অন্যান্য নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা।
উদযাপন কমিটির সাধারণ সম্পাদক যাদব কুমার হিংহ বলেন, রাসনৃত্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা তুলে ধরা হয়। এ উৎসব দেখতে চুনারুঘাটসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
স্থানীয়রা জানান, ১৭৬৯ খ্রিস্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ প্রথম রাসলীলা উৎসবের প্রচলন করেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ ৮৪ বছর ধরে এ রাস উৎসবের আয়োজন করে আসছেন।
রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন, “রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধাকৃষ্ণের প্রেমলীলা নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এ আয়োজন অব্যাহত থাকবে।”
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে মহা রাসলীলা উৎসবটি মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে।