মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে ভারটেক্স বোর্ড এন্ড পেপার মিলে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে রুহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গ্রাম গ্রামে ভার্টেক্স বোর্ড এন্ড পেপার মিলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
নিহত রুহেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের অলিপুর গ্রামের সাবেক মেম্বার মকলিছ মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নিহত রুহেল মিয়া ওই প্রতিষ্ঠানের একজন শ্রমিক। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পেপার মিলে নিজ দায়িত্বে যোগ দেয় রুহেল মিয়া। কাজের এক পর্যায়ে সে চলন্ত মেশিনে পড়ে মাথায় আঘাত পায়। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক রুহেল চলন্ত মেশিনে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে।