বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ক্রিকেটেও আসছে শেখ রাসেল

তরফ নিউজ ডেস্ক : শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম জনপ্রিয় ক্লাব।

ফুটবল ও টেবিল টেনিসে সাফল্যের পতাকা উড়িয়েছে তারা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ক্লাবের চেহারা ও পরিবেশ পাল্টে গেছে। পেশাদারিত্বের নিয়ম-কানুন মেনে ক্লাবটি পরিচালিত হচ্ছে। নিজস্ব ভবন, মাঠ সবই রয়েছে তাদের। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছে। ফুটবলে শেখ রাসেল বড় একটা জায়গা করে নিয়েছে আরও আগেই।

এবার ক্রিকেটেও আসছে শেখ রাসেল। শনিবার (১৪ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সায়েম সোবহানের সভাপতিত্বে। সেখানেই তিনি ঘোষণা দেন ক্রিকেটেও শেখ রাসেল শক্তিশালী দল গঠন করবে। সামনে ক্লাবের নির্বাচন হবে। এর জন্য শক্তিশালী নির্বাচন কমিশনও গঠন করা হবে। এ কমিশনই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ক্লাব চেয়ারম্যান আভাস দেন ৪৫ দিনের মধ্যেই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে, ততদিন পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্বে থাকবে।

সায়েম সোবহান বলেন, ‘ফুটবল ও ক্রিকেট দেশের জনপ্রিয় খেলা। সাফল্য পেতে দলীয়ভাবে যেমন শক্তিশালী দল গঠন করা হবে তেমনিভাবে এসব খেলা উন্নয়নের জন্য শেখ রাসেল কাজ করে যাবে। নির্বাচনের পরই ক্রিকেটে দল গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

ক্লাব চেয়ারম্যান এজিএমে উপস্থিত পরিচালক ও সদস্যদের উদ্দেশে বলেন, ফুটবল ও ক্রিকেটে আমরা শক্ত অবস্থানে থাকতে চাই। কী করলে ভালো হয় তা আপনারা আমাকে জানাবেন। সাফল্যের জন্য একতা দরকার। যতদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকবো তা অটল রাখবো। সংগঠনে মতবিরোধ থাকবেই। কিন্তু শেখ রাসেলের ব্যাপারে আমরা এক ও অভিন্ন। মনে রাখবেন, খেলাধুলার উন্নয়নে শুধু ফেডারেশন নয়, ক্লাবগুলোর অনেক ভূমিকা আছে। যা আগেও আমরা করেছি, সামনেও করবো। ক্রীড়াঙ্গনে শেখ রাসেল এক বড় শক্তি।

এজিএমের আগে বিশেষ সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। এখানে পরিচালকদের পক্ষ থেকে প্রস্তাব আসে সামনে সংখ্যা কমিয়ে ভাইস চেয়ারম্যানের জন্য তিনটি পদ রাখার। তাছাড়া চেয়ারম্যান যেহেতু আছেন সেখানে সভাপতির পদটির আর প্রয়োজন পড়ে না। এ ব্যাপারে সায়েম সোবহান বলেন, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ নিয়ে আমি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বসবো, তারপর সিদ্ধান্ত আসবে।

সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব ইসমত জামিল আখন্দ লাভলু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডেকে সায়েম সোবহান ভাইকে শেখ রাসেলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। চেয়ারম্যান স্যার শত ব্যস্ততার মধ্যেও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি শুধু দিয়েই যাচ্ছেন আমরা তাকে কোনো ট্রফি উপহার দিতে পারিনি। তিনি যে ক্লাবকে কতটা ভালোবাসেন তার প্রমাণ ক্রিকেটে দল ঘোষণায়। আমাদের উচিত হবে দু’টো খেলাতেই সাফল্য এনে দেওয়ার। ’

বক্তব্য রাখেন পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম ও মাকসুদুর রহমান, বাফুফে নির্বাচনে সহ-সভাপতি জয়ী হওয়া ক্লাবের দুই পরিচালক ইমরুল হাসান ও মহিউদ্দিন আহমেদ। মহিকে সভায় করতালি দিয়ে অভিনন্দন জানানো হয়। সভা শুরুর আগে দুই পরিচালকের মৃত্যুতে শোক প্রস্তাব এনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com