সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠান ও যানবাহনকে মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া ও আদায় করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে এবং চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বাল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর দায়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এক হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া ও আদায় করা হয়।
এ ছাড়া সড়কের সংলগ্ন স্থানে অবৈধভাবে ঢালাই দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ এবং পৌরসভার ড্রেন দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া ও আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরী জানান, চুনারুঘাট পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসন এবং সড়ক ও ড্রেন দখলমুক্ত রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।