রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ‘মাদক-জুয়াকে না বলুন, খেলাধুলা ও ভ্রমণকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে তারুণ্যের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার রানীগাঁও বাজারে ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী শুভযাত্রা বের করা হয়। শুভযাত্রায় নেতৃত্ব দেন এস এম সাফায়াত রহমান সরকার ও মো. হেলাল উদ্দিন।
শুভযাত্রা শেষে পারকুল চা-বাগান খেলার মাঠে আকর্ষণীয় খেলাধুলা, পুরস্কার বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উদ্যোক্তারা জানান, বেশ কিছুদিন ধরে রানীগাঁও গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার কিছু যুব ও ছাত্র নেশায় জড়িয়ে বিপথগামী হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তুলতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্যোক্তা এস এম সাফায়াত রহমান সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে আমাদের এই উদ্যোগ। তরুণরা খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকলে মাদক থেকে দূরে থাকবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”