রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

তরফ নিউজ ডেস্ক : মাঘের মাঝে এসে শীতে কাঁপছে দেশ; রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিরাজ করছে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ।

সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও ঈশ্বরদীতে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও শীতের দাপট এ সপ্তাহ জুড়ে চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “ঢাকাসহ দেশজুড়ে এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েকদিন বয়ে যাওয়া এ শীত আরও তিন চারদিন অব্যাহত থাকবে। যেহেতু তীব্র ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রয়েছে; তা কেটে যেতে সময় লাগবে। তবে আজ রাত থেকে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাবে।”

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু কক্সবাজার, মাইজদীকোর্ট ছাড়া দেশের সব জায়গায় এখন শৈত্যপ্রবাহ রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছেন রুহুল কুদ্দুস।

চলতি মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহ এটি, যার শুরু হয়েছিল গত বৃহস্পতিবার, দেশের উত্তর জনপদে। এরপর ধীরে ধীরে এর বিস্তার বাড়তে থাকে। চার দিনে পুরোদেশে তা ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অফিস বলছে, কুড়িগ্রাম ও রাজশাহী অঞ্চলের উপর দিয়ে এখন তীব্র শৈত্য প্রবাহ এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলী, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পযন্ত ঘন কুয়াশা বিরাজ করবে। হিমেল হাওয়ায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি অনুভূত হবে।

চলতি মৌসুমে গত ১৮-২৩ ডিসেম্বর এবং ২৬-৩১ ডিসেম্বর রংপুর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।

তৃতীয় দফা শৈত্যপ্রবাহ শুরুর পর রোববার কুড়িগ্রামের রাজারহাটে থার্মোমিটারের পারদ নেমে যায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার শ্রীমঙ্গলে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা দেশের সব রেকর্ড ভেঙে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com