বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): জাতীয় পর্যায়ে উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণ পেয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুড়িয়া গ্রামের কৃতী সন্তান শামসুর রহমান আনাছ। সে হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
‘নতুন কুঁড়ি সিজন-১’-এর জাতীয় পর্যায়ের উশু প্রতিযোগিতায় বালক অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনাছ। তার এ অসাধারণ সাফল্যে আনন্দিত ও গর্বিত চুনারুঘাটসহ পুরো হবিগঞ্জবাসী।
আনাছের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘নতুন কুঁড়ি সিজন-১’-এর বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সারাদেশের ৪০ জন প্রতিভাবান শিশুকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সৌভাগ্যবান ৪০ জনের তালিকায় স্থান পেয়েছে চুনারুঘাটের ক্ষুদে অ্যাথলেট শামসুর রহমান আনাছ।
আগামী ৫ নভেম্বর খুলনায় আয়োজিত ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ৪০ প্রতিভাবান শিশুকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনার উদ্দেশে যাত্রার আগে আনাছ তার কোচ ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় জেলা প্রশাসক আনাছকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া, উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, আনাছের এ অর্জনে শুধু চুনারুঘাট নয়, পুরো হবিগঞ্জবাসী গর্বিত। তার এ সাফল্য আগামী দিনের নতুন প্রতিভাদের খেলাধুলায় উৎসাহিত করবে।
আনাছের ভবিষ্যৎ পথচলা আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন।