মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘তাহসীনুল হাদীস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার তালুকদার এবং সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক ও মাদ্রাসাতু দ্দিরাসাহ বাহুবলের প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ ফয়েজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আম্বরখানা শাহী জামে মসজিদের খতিব ও সিয়ানা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান (হাফি.)। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, শিক্ষাবিদ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কোরআন-হাদীসের সঠিক জ্ঞান অর্জন বর্তমান সমাজের জন্য অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও সৎ জীবনের পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিরা ‘তাহসীনুল হাদীস’ গ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সহজ ও প্রাঞ্জল ভাষায় রচিত এ বইটি পাঠকদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং হাদীস বোঝার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।
আয়োজকরা জানান, বাহুবল উলামা পরিষদের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা হুসাইন আহমদ হবিগঞ্জী রচিত এই গ্রন্থটি হাদীস শিক্ষার প্রসার ও ইসলামী জ্ঞানের চর্চা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশ করা হয়েছে।
মোড়ক উন্মোচন শেষে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। এতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।