সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলনের দায়ে শাহীন মিয়া (৩৭) নামের এক যুবককে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শাহীন মিয়া উপজেলার পূর্ব রূপশংকর গ্রামের হাজী শামসুল হকের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শাহীন মিয়া প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত সংণিøষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্বল রায়।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।