বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জের বাহুবল উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) এবং একই গ্রামের হেলাল মিয়া (৩৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সোমবার (১৫ জুন) দুপুরে আদিত্যপুর, আরিছপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র, টেটা, রামদা, লাঠিসোটা ও ইট-পাটকেল ব্যবহার করা হয়।
পরে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়, যা ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষে সেলু মিয়া ঘটনাস্থলে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে গুরুতর আহত হেলাল মিয়া সিলেটে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় কদর আলী, লুৎফুর রহমান, আতাউর রহমানসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ঘটনার পর বাহুবল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।