মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বাহুবলে ইটভাটা মালিকের রহস্যজনক মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূগলী গ্রামে আব্দাল মিয়া (৫০) নামে এক ইটভাটা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দাল মিয়া উপজেলার ভূগলী গ্রামের ওয়াছ উল্লাহর ছেলে। তিনি এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে বাহুবল মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের কেয়ারটেকার মোছা. হোসনা বানু (৩২) জানান, প্রতিদিনের মতো সোমবার দুপুর প্রায় ২টার দিকে তিনি আব্দাল মিয়ার জন্য খাবার নিয়ে তাঁর ঘরে যান। গিয়ে দেখেন, ঘরের সামনের প্রধান গেট ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি পেছনের জানালা দিয়ে ডাক দিলে নিহতের ছোট ভাই মনির মিয়া গেটের তালা খুলে দেন। পরে তাঁরা ঘরের বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মনির মিয়া কিচেন রুমের দিকে ইঙ্গিত করে জানান, সেখানে আব্দাল মিয়ার মরদেহ দেখা যাচ্ছে। পরে গিয়ে তাঁরা দেখতে পান, তাঁর মরদেহ গলার সঙ্গে জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন, ঘটনাটি তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাঁদের ভাষ্য, এটি আত্মহত্যা নাও হতে পারে; বরং পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনাও হতে পারে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com